রোজদিন ডেস্ক : রাজ্যের বিধানসভা নির্বাচনে সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের এবার ভোটের ডিউটি তো বটেই অন্য কোনও কাজেই ব্যবহার করা যাবে না। প্রথম দফার ভোটের মাত্র তিনদিন আগে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন । ওই কর্মীদের রিজার্ভ পুলিশ লাইনে পাঠাতে হবে। রাজ্যের সিইও-র তরফে জারি করা নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, অবাধ ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। নির্দেশ অনুযায়ী, ভোটের তিনদিন আগে সমস্ত সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশ সেখানে থাকাকালীন তাঁদের নির্বাচন সংক্রান্ত কোনও কাজেও তাঁদের নিযুক্ত করা যাবে না। তবে ভোটের দিন তাঁরা সাধারণ পোশাকে এসে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ইউনিফর্ম পরে ভোটকেন্দ্রে আসার অনুমতি নেই বলেও উল্লেখ করা হয়েছে। রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপারদের এই নির্দেশ কঠোরভাবে পালন করতে বলা হয়েছে। কোনও রকম গাফিলতি হলে তা গুরুতর ভাবে দেখা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কমিশন।

Be the first to comment