দৃষ্টিহীন ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা কমিশনের

ব্রেইল না জানলেও মিলবে ভোটদানের সুযোগ

Spread the love

রোজদিন ডেস্ক :  বিধানসভা নির্বাচনে কেবল সাধারণ ভোটার নয়, দৃষ্টিহীন ভোটারদের ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বুথে ব্যবহৃত ইভিএমে প্রার্থীর নাম ও প্রতীকের পাশে ব্রেইল চিহ্ন যুক্ত করা হয়েছে, যাতে দৃষ্টিহীন ভোটাররা স্পর্শের মাধ্যমে পছন্দের প্রার্থীকে চিহ্নিত করতে পারেন। এই ব্যবস্থার ফলে ব্রেইল জানা দৃষ্টিহীন ভোটাররা স্বাধীন ভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। যাঁরা ব্রেইল জানেন না, তাঁদের জন্যও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের সংশ্লিষ্ট ধারায় বলা হয়েছে, কোনও দৃষ্টিহীন ভোটার প্রয়োজনে একজন সহকারী নিয়ে বুথে প্রবেশ করতে পারবেন। সেই ক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের কাছে নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। আবেদন গ্রহণের পর নির্দিষ্ট ফর্ম পূরণ করা হয়, যেখানে ভোটার ও সহকারীর পরিচয় নথিভুক্ত থাকে। এর পর সেই ফর্মে সহকারী, প্রিসাইডিং অফিসার, উপস্থিত ভোটকর্মী এবং পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে প্রিসাইডিং অফিসার তা নথিভুক্ত করেন। তারপর ওই দৃষ্টিহীন ভোটার তাঁর সহকারীকে সঙ্গে নিয়ে ভোটকক্ষে প্রবেশ করেন এবং পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার নির্দেশ দেন। কমিশন এই প্রক্রিয়া কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে। সিইও দফতর থেকে শুরু করে সমস্ত প্রিসাইডিং অফিসার, ভোটকর্মী ও রাজনৈতিক দলগুলিকেও এই নিয়ম মানতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*