রোজদিন ডেস্ক: জমি অধিগ্রহণের ক্ষেত্রে ওই জমিতে বসবাসকারীদের পুনর্বাসন বা ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক। তা না করে বাসিন্দাদের উচ্ছেদ করতে পারবে না রেল কর্তৃপক্ষ। রেলের জমি থেকে উচ্ছেদ সংক্রান্ত এক মামলায় রেল কর্তৃপক্ষকে এমনটাই কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ডানকুনি থেকে লুধিয়ানা পর্যন্ত ১৮৫৬ কিলোমিটারের প্রস্তাবিত ফ্রেট করিডর তৈরির জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল রেল। নিয়ম মেনে জমির মালিকদের ন্যায্য মূল্যে ক্ষতিপূরণ, শর্তানুযায়ী অতিরিক্ত ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরও জমি ফাঁকা করা যায়নি। এরপরই ওই জমিতে বসবাসকারীদের উচ্ছেদের নোটিস পাঠায় রেল। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অধিগৃহীত জমিতে বসবাসকারী ৮টি পরিবার। সেই আবেদনের শুনানিতে এদিন ১৮ জুলাই পর্যন্ত উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত।

Be the first to comment