বারুইপুরের নৃশংস ঘটনার প্রতিবাদে কৃষ্ণনগরে কংগ্রেসের মোমবাতি মিছিল ও নীরবতা পালন

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর:

দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক স্কুলছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে মঙ্গলবার কৃষ্ণনগর শহর কংগ্রেসের উদ্যোগে মোমবাতি প্রজ্বলন, নীরবতা পালন এবং প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়। কর্মসূচিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নদিয়া জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি পার্থ মুখার্জি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতা অ্যাডভোকেট আব্দুর রহিম শেখ, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও আইনজীবী অসীম সাহা, কৃষ্ণনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর স্বপন সাহা, কৃষ্ণনগর সংখ্যালঘু সেলের চেয়ারম্যান পঙ্কজ মণ্ডল, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও অতনু ভৌমিক, কৃষ্ণনগর–১ ব্লক কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বিশ্বাস, কৃষ্ণনগর INTUC-এর সভাপতি দেবব্রত রাহা এবং কৃষ্ণনগর শহর কংগ্রেসের সভাপতি দিব্যেন্দু বসুসহ জেলার একাধিক কংগ্রেস নেতা ও কর্মীরা।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বারুইপুরের ঘটনাকে অত্যন্ত নৃশংস ও মানবিকতার পরিপন্থী বলে উল্লেখ করেন। তাঁরা অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজ্যে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রুখতে প্রশাসনের আরও কঠোর পদক্ষেপের আহ্বান জানান।

কংগ্রেসের দাবি, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণে এদিনের প্রতিবাদ কর্মসূচি সফল হয়েছে। উপস্থিত সকলেই একসুরে বারুইপুরের ঘটনার বিচার এবং নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সরব হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*