তারাতলা কাণ্ডের জেরে নির্মাণকাজ বন্ধের তালিকায় কলকাতা, হাওড়া, বিধাননগরের সঙ্গে জুড়ল আরও তিন পুরসভা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

প্রতিবেদন: তারাতলা কাণ্ডের পর রাজ্য জুড়ে নির্মাণ নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধারকাজ এখনও জোরকদমে চলছে জানিয়ে তিনি বলেন, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী অভিযান পরিচালনা করছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে শুক্রবার রাতের মধ্যেই উদ্ধারকাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। এর পাশাপাশি রাজ্যের একাধিক নগর এলাকায় নির্মীয়মাণ বহুতল ও বাণিজ্যিক ভবনের বিশেষ নিরাপত্তা নিরীক্ষার পরিধি আরও বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এতদিন কলকাতা, বিধাননগর, নিউটাউন, উলুবেড়িয়া, বারুইপুর, বজবজ, মহেশতলা এবং রাজপুর-সোনারপুর এই তালিকায় থাকলেও, শুক্রবার নতুন করে দক্ষিণ দমদম, কামারহাটি ও বরাহনগরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি হাওড়া ও বালির গঙ্গা সংলগ্ন নির্মীয়মাণ প্রকল্পগুলিকেও পর্যায়ক্রমে এই নিরীক্ষার আওতায় আনা হবে।মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, ৩১ জুলাই পর্যন্ত নির্মাণকাজ স্থগিত মানেই সব প্রকল্প বন্ধ নয়। যে প্রকল্পের নকশা ও বাস্তব নির্মাণ বিশেষ নিরীক্ষায় সন্তোষজনক বলে বিবেচিত হবে, তারা পর্যায়ক্রমে ছাড়পত্র পেয়ে কাজ শুরু করতে পারবে। যেসব ক্ষেত্রে গুরুতর অনিয়ম ধরা পড়বে, সেগুলি বাতিল করা হবে। আবার কোথাও সংশোধনের প্রয়োজন হলে তা করে নেওয়ার নির্দেশ দেওয়া হবে। এই বিশেষ নিরীক্ষার নেতৃত্ব দিচ্ছেন অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে। কমিটিতে বিভিন্ন দফতরের আধিকারিকদের পাশাপাশি রাইটস এবং আইআইটি খড়গপুরের বিশেষজ্ঞদেরও রাখা হয়েছে।

একই সঙ্গে কমিটিকে আগামী ৯০ দিনের মধ্যে রাজ্যের বহুতল ও বাণিজ্যিক ভবনগুলিতে অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা এবং লাইটনিং অ্যারেস্টার সংক্রান্ত পৃথক নিরীক্ষার দায়িত্বও দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, এই বিধিনিষেধ শুধুমাত্র জি প্লাস পাঁচ বা তার বেশি উচ্চতার নির্মীয়মাণ আবাসিক ও বাণিজ্যিক ভবনের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ বাড়ির সংস্কার, মেরামতি বা ছোটখাটো সম্প্রসারণ এই নির্দেশিকার আওতায় পড়বে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*