রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ায়। নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই বহু সেতু জলের তলায় চলে গিয়েছে। জলে ডুবেছে একাধিক রাজ্য সড়কও। নদীর জলে প্লাবিত হয়েছে বাঁকুড়ার তালড্যাংরা ব্লকের একাধিক গ্রাম। বিপর্যয়ের আশঙ্কায় বৃহস্পতিবার মোট পাঁচটি অস্থায়ী ত্রাণশিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে দুর্গতদের।

উল্লেখ্য দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী— সব নদীই ফুঁসছে টানা বৃষ্টিতে। যার জেরে বন্যা পরিস্থিতি রাজ্যের তিন জেলা— বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। ভাঙল সেতু। রাস্তা-ঘরদোরও জলের তলায়। বিদ্যুতের তার ছিঁড়েও প্রাণ গেল এক প্রৌঢ়ার। অন্য দিকে, জল ছাড়তে শুরু করেছে ডিভিসি-ও। মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া শুরু হয়েছে। মাইথন থেকে ২০ হাজার কিউসেক এবং পাঞ্চেত থেকে ১৭ হাজার কিউসেক জল ছাড়া হবে।

দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতেই নিম্নচাপের জেরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয় বাঁকুড়ায় । আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ৪৮ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২১০ মিলিমিটার। এর মধ্যে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বাঁকুড়ায় বৃষ্টির পরিমাণ ১৪২.৬ মিলিমিটার।

Be the first to comment