প্রতিবেদন: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন বা সিপিএ (CPA meet) আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিচ্ছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। তাঁর সঙ্গে থাকছেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারিও। কেপটাউনে ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। সেখান থেকে তিনি আমেরিকা ও ইংল্যান্ড সফরেও যাবেন বলে জানান অধ্যক্ষ। অধ্যক্ষের দাবি, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ থেকে কেউ এই সিপিএ সম্মেলনে যোগ দেননি। অন্যান্য রাজ্য ও দেশের সংসদীয় ব্যবস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধি গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। সম্মেলনে সংসদীয় গণতন্ত্র, আইনের শাসন, আন্তর্জাতিক সহযোগিতা, ডিজিটাল গণতন্ত্র এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভারতের অভিজ্ঞতা তুলে ধরা হবে বলেও জানান তিনি। রথীন্দ্র বসু বলেন, লোকসভার স্পিকারের নেতৃত্বে ভারতের বৃহত্তম প্রতিনিধিদল এই সম্মেলনে অংশ নেবে। কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে ভারতের ভোটাধিকার সর্বাধিক বলেও উল্লেখ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকার পর আমেরিকা ও ইংল্যান্ডে প্রবাসী বাঙালিদের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তাঁর। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে যে পরিবর্তন হয়েছে, সেই বার্তা প্রবাসীদের কাছে পৌঁছে দিয়ে রাজ্যে বিনিয়োগ ও উন্নয়নের কাজে অংশ নেওয়ার আহ্বান জানাবেন। তিনি বলেন, আমি পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবেই রাজ্যের কথা তুলে ধরব।

Be the first to comment