Cyclone Arnab তুমুল বেগে আছড়ে পড়লো অন্ধ্রপ্রদেশ উপকূলে

Spread the love

রোজদিন ডেস্ক : 
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় অর্ণব মঙ্গলবার গভীর রাত থেকে তুমুল বেগে অন্ধ্র প্রদেশের উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে। আজ ভোরে এর সর্পিল অংশ,স্থলভাগে প্রবেশ করে কিছুটা থমকে যায়। স্থলভাগে প্রবেশের পর তা শক্তি হারাচ্ছে। তবে এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে।
দুই রাজ্যের প্রায় দু লক্ষ মানুষকে উপকূল এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।

বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিশাখাপত্তনমের আনাকাপল্লীতে দুজনের মর্মান্তিক মৃত্যুর খবর এসেছে।
অন্ধ্রপ্রদেশে অর্ণবের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু এলাকায় বিদ্যুতের খুঁটি, গাছপালা উপড়ে পড়েছে।
স্থলে আছড়ে পড়ার সময় অর্ণবের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৩৫ কিমি ও দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৫০ কিমি ছিল বলে প্রকাশ। এর প্রভাবে ওড়িশার গোপালপুরেও প্রচন্ড বৃষ্টি হচ্ছে।
পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আকাশ মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টি পাতের সম্ভাবনা আছে।

কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ বহু উড়ানের যাতায়াত বাতিল করেছে। গতকাল থেকে বহু ট্রেন ও বাতিল করা হয়েছে।
পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল মঙ্গলবার গভীর রাতে সমাজ মাধ্যমে এক ভিডিও বার্তায় রাজ্যবাসীকে সতর্ক করেছেন।
স্থলভাগে প্রবেশের পর অর্ণবের শক্তি কমতে থাকায় কিছুটা হলেও স্বস্তি বিভিন্ন মহলে। যদিও এর প্রভাবে আগামী দুদিন অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল এলাকায় ভারী বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*