প্রতিবেদন: বারুইপুর, হালিশহর, বাখরাহাটের পর ফের রাজ্যে পুলিশ হেফাজতে মৃত্যুর (death in police custody) অভিযোগ। এবারের ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা। ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য। মৃতের নাম রাহুল রুইদাস। দিন চারেক আগে চুরির অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের দাবি, হেফাজতে থাকাকালীন শৌচাগারের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন অভিযুক্ত। ঘটনার তদন্ত শুরু হয়েছে। জেলা পুলিশ সূত্রে খবর, চারদিন আগে একটি চুরির অভিযোগে রাহুল রুইদাসকে গ্রেফতার করে চন্দ্রকোনা থানা। তাঁকে ঘাটাল মহকুমা আদালত ৪ দিনের পুলিশি হেফাজতে পাঠায় তাকে। হেফাজতে থাকাকালীন থানার বাথরুমে যায় অভিযুক্ত। কিছুক্ষণ পর সেখান থেকেই আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রাহুলকে উদ্ধার করে প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও পরে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশের দাবি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে রাহুল। মৃতের পরিবারের দাবি, পুলিশ মিথ্যা কথা বলছে। পুলিশই মেরেছে রাহুলকে।

Be the first to comment