অভিষেকের মঞ্চে তিন “মৃত” ভোটার, ভুল মানল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : কমিশনের খসড়া তালিকায় তিন ‘মৃত’ ভোটারকে মঞ্চে তুলে ঘুরিয়ে এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনার পরেই রিপোর্ট তলব করেছিল নির্বাচন কমিশন। রবিবার কমিশনের কাছে জমা পড়েছে সেই রিপোর্ট। কমিশন সূত্রে খবর, তিন জনের মধ্যে দু’জনের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ভুলের কথা স্বীকার করেছেন সংশ্লিষ্ট বিএলওরা। সেই অনুযায়ী রিপোর্ট পাঠিয়েছেন সংশ্লিষ্ট ইআরও। তৃতীয় জনের ক্ষেত্রে বিষয়টিকে হিউম্যান এরর হিসেবেই চিহ্নিত করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, মনিরুল মোল্লা এবং হরেকৃষ্ণ গিরির নাম সংশ্লিষ্ট বুথে তৈরি হওয়া বাদের তালিকায় ছিল না। কিন্তু পরে ওয়েবসাইটে তাঁদের নাম বাদের তালিকায় দেখা যায়। বিষয়টি নজরে আসার পরেই সংশ্লিষ্ট বিএলও দু’জনের বাড়িতে যান। সেখানে ফর্ম–৬ পূরণ করিয়ে নতুন করে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করা হয়েছে। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা হওয়ার অনেক আগেই মনিরুল এবং হরেকৃষ্ণের ফর্ম–৬ জমা পড়ে গিয়েছিল। অর্থাৎ সভার আগে থেকেই সংশোধনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছিল। তিন জন ‘মৃত’ ভোটার হিসেবে যাঁদের নাম উঠে আসে, তাঁরা হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। মনিরুল ও হরেকৃষ্ণের বাড়ি মেটিয়াবুরুজে, আর মায়া দাসের বাড়ি কাকদ্বীপে। কমিশন সূত্রে দাবি, এই ঘটনার পর সংশ্লিষ্ট নথিপত্র ও প্রক্রিয়া খতিয়ে দেখা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর এসআইআর প্রক্রিয়া কেন্দ্র করে রাজনৈতিক তরজা যে আরও বাড়বে তা না বললেও চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*