রোজদিন ডেস্ক : কথা মতো তৃণমূলের রাজ্যসভার সাংসদপদ থেকে এবার ইস্তফা দিলেন সদ্য কংগ্রেসে ফেরা মৌসম বেনজির নূর। সোমবার বিকেলে নিয়ম মেনে নয়াদিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে ইস্তফাপত্র তুলে দেন মৌসম নূর। শনিবার কিছুটা অপ্রত্যাশিত ভাবেই দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদানের ঘোষণা করেন মৌসম। সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার ও পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং মৌসমের দাদা তথা কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। ওই দিনই কংগ্রেসে যোগদানের পরেই মৌসম জানিয়েছিলেন, সোমবারেই তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদপদ থেকে ইস্তফা দেবেন। সেই কথামতো সোমবার তৃণমূলের সাংসদপদ ছেড়ে দিলেন তিনি। মৌসমের এই প্রত্যাবর্তন মালদহ জেলা কংগ্রেসের একাংশ প্রাথমিকভাবে ভাল চোখে না দেখলেও, শীর্ষ নেতৃত্বের নির্দেশে সুর বদলে হয়ে গিয়েছে তাদের। আসন্ন বিধানসভা নির্বাচনে মালদহের সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন মৌসম নূর। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়, জল্পনার স্তরে আছে।

Be the first to comment