প্রতিবেদন: ডেঙ্গির কামড়ে গোটা রাজ্যের নাভিশ্বাস। আক্রান্তের সংখ্যা ১০ হাজারের দোরগোড়ায়। কিছু এলাকায় চরম আতঙ্ক তৈরি করেছে ডেঙ্গি। এই পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় গাইডলাইন জারি করল রাজ্যের স্বাস্থ্য দফতর। তবে বিশেষজ্ঞরা বলছেন গোটা পরিস্থিতি যেখানে গেছে, তাতে আরও কড়া দাওয়াইয়ের প্রয়োজন ছিল। গত ৬ অক্টোবর রাজ্যের ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেসের তরফে এই নির্দেশিকা জারি করা হয়েছে। ডিরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন এবং ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস-এর স্বাক্ষরিত এই নির্দেশিকায় মূলত চিকিৎসকদের জন্য কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, কোনও রোগীর জ্বর ১০ দিনের বেশি স্থায়ী হলে ম্যালেরিয়া, স্ক্রাব টাইফাস, লেপটোস্পাইরোসিস বা এন্টেরিক ফিভারের মতো অন্য কোনও সংক্রমণ আছে কি না, তা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি, হাসপাতালে ভর্তির কারণে কোনও সংক্রমণ বা এইচএলএইচ হচ্ছে কি না, সেদিকেও নজর দিতে হবে। অন্যদিকে, ১ থেকে ৩ দিনের জ্বরের ক্ষেত্রে প্রথম দিন থেকেই রোগীর ‘ওয়ার্নিং সাইন’ বা বিপদের লক্ষণগুলির ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে। রোগীর অন্য কোনও কো-মর্বিডিটি আছে কি না, তা জেনে নিয়ে সেই অনুযায়ী সতর্ক হওয়ার এবং বিপদ বুঝলে তৎক্ষণাৎ চিকিৎসকদের জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত ডেঙ্গি রোগীর কো-মর্বিডিটি এবং বিপদের লক্ষণ রয়েছে, তাঁদের অবিলম্বে হাসপাতালে ভর্তি করার নির্দেশও দেওয়া হয়েছে।

Be the first to comment