DENGUE: ডেঙ্গি মোকাবিলায় বাংলা মডেলের প্রশংসায় কেন্দ্র

Spread the love

প্রতিবেদন: ডেঙ্গি মোকাবিলায় এই রাজ্যের পদক্ষেপের ভূয়সী প্রশংসা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পশ্চিমবঙ্গের গড়ে তোলা ডেঙ্গি নিয়ন্ত্রণের মডেল দেশের অন্যান্য রাজ্যেরও অনুসরণ করা উচিত বলে মত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সম্প্রতি ন্যাশনাল সেন্টার ফর ভেক্টর বর্ন ডিজিজেস কন্ট্রোল বা এনসিভিবিডিসি দেশের ডেঙ্গিপ্রবণ রাজ্যগুলির সর্বশেষ পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক করে। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি, আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান, স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, রোগ নির্ণয় ও রিপোর্টিং ব্যবস্থা, পরীক্ষার কিট সরবরাহ এবং নজরদারি সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। বৈঠকে রাজ্যের নিজস্ব ডেঙ্গি রিপোর্টিং পোর্টাল, স্বাস্থ্যকর্মীদের ধারাবাহিক প্রশিক্ষণ, ডেঙ্গিজনিত মৃত্যুর কারণ বিশ্লেষণের ব্যবস্থা, বিশেষ অ্যান্টি-ডেঙ্গি মাস পালন এবং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যসচিব ও জেলাশাসক স্তরে নিয়মিত পর্যবেক্ষণ ও পর্যালোচনার উদ্যোগের বিশেষ প্রশংসা করা হয়। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতে, এই উদ্যোগগুলি অন্যান্য রাজ্যের কাছে দৃষ্টান্ত হতে পারে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই পরিসংখ্যানও রাজ্যের সাফল্যের ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১৭ হাজার ৩২। চলতি বছর একই সময়ে সেই সংখ্যা কমে হয়েছে ১৪ হাজার ৬৩৪। অর্থাৎ গত বছরের তুলনায় আক্রান্তের সংখ্যা কমেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*