পনেরো বছরের কমবয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার ভাবনা ডেনমার্কে

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিশ্বব্যাপী সমাজমাধ্যমের কবলে পড়েছে আট থেকে আশি সব বয়েসের মানুষজনই। অনেকের মাত্রাতিরিক্ত আসক্তিতে বহু সমস্যা সৃষ্টিও হচ্ছে। বিশেষত শিশু কিশোর কিশোরীদের মনে সমাজমাধ্যমের মারাত্মক প্রভাব নিয়ে উদবিগ্ন সমাজ বিজ্ঞানী মহল। এবার ডেনমার্কে পনেরো বছরের কমবয়সিদের সমাজ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আনার কথা ভাবা হচ্ছে।
তবে অভিভাবকরা চাইলে তের বছর বা তার ওপরের সন্তানদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট প্ল্যাটফর্ম ব্যবহারের অনুমতি দিতে পারবেন।
গত মাসে সংসদের উদ্বোধনী ভাষণে ওই দেশের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসন কমবয়সিদের মানসিক স্বাস্থ্যে সমাজমাধ্যম ব্যবহার নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করেছিলেন।সেই প্রেক্ষিতে ডেনমার্ক সরকার এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে তথ্যভিজ্ঞ মহল মনে করেন।
ওই দেশের ডিজিটাইজেশন মন্ত্রী ক্যারোলিন স্টেজ ওলসন উদ্বেগ ব্যক্ত করে বলেছেন, সমাজমাধ্যম শিশুদের শৈশব, মানসিক সুস্থতা ও সময় কেড়ে নিচ্ছে। এই বিষয়ে সরকার ও বিরোধী সকলেই ঐক্যমত্য হবে বলে প্রকাশ।
উল্লেখ্য, গত বছর অস্ট্রেলিয়া সরকার ষোল বছরের কম বয়সিদের সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। এবার ডেনমার্কও সেই পথে যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*