রোজদিন ডেস্ক : মেঘভাঙা বৃষ্টিতে উত্তরকাশীর পাহাড়ি অঞ্চল হঠাৎ ভয়াল রূপ নেয়। ক্ষীরগঙ্গা নদীর রুদ্র রূপে প্রবল হড়পা বানে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে ধারালি নামের গোটা একটি গ্রাম।
তবে এখনও উদ্ধারকাজ থামেনি পাহাড়ি অঞ্চলে। বৃহস্পতিবার সেনার তরফে ১৫০ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও খোঁজ মেলেনি ১০০ জনের। যদিও এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।
হড়পা বানের খবর আনে আসতেই প্রশাসনের নির্দেশে ভারত-তিব্বত সীমান্ত পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে উদ্ধার কাজে নামে। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে হেলিকপ্টারও নামানো যাচ্ছিল না। তবে যুদ্ধকালীন তৎপরতায় উত্তরকাশীর বিপর্যস্ত ধারালি গ্রাম থেকে বুধবার ১৩০ জন পর্যটককে উদ্ধার করে সেনাবাহিনী। উদ্ধার কাজে সুবিধা জন্য বিশেষ প্রশিক্ষিত কুকুরদের কাজে লাগায় এনডিআরএফ।
এদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ-এর তিনটি দল। প্রতিটি দলে ৩৫ জন করে সদস্য মোতায়েন রয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। অন্যদিকে, বুধবার এই একই রকমের দুর্যোগের সাক্ষী থেকেছে হিমাচল প্রদেশের কিন্নর জেলা। টাংলিং নালায় প্রবল জলের তোড়ে ভেঙে পড়ে দুটি অস্থায়ী সেতু। বহু পর্যটক আটকে পড়েন ওই এলাকায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Be the first to comment