রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত হলেন ‘ডন’-এর পরিচালক, বর্ষীয়ান চলচ্চিত্র নির্মাতা চন্দ্র বারোট। রবিবার মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬।
স্ত্রী দীপা বারোট জানিয়েছেন, দীর্ঘ সাত বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসে (ফুসফুসের একটি জটিল রোগ) ভুগছিলেন চন্দ্র। গুরু নানক হাসপাতাল এবং তার আগে জসলোক হাসপাতালে চলছিল তাঁর চিকিৎসা। একাধিক থেরাপি প্রয়োগ করা হলেও বয়সজনিত জটিলতার কারণে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
১৯৭৮ সালে অমিতাভ বচ্চন অভিনীত কালজয়ী ‘ডন’ ছবির পরিচালনা করেছিলেন বারোট। প্রথম ছবি দিয়েই ঝড় তুলেছিলেন বলিউডে। মুক্তির সময়ে ডন সেভাবে বক্স অফিসে সফল না হলেও পরে তা এক কাল্ট ক্লাসিকে পরিণত হয়। স্টাইলিশ ক্রাইম থ্রিলারের ঘরানায় ‘ডন’-এর পথিকৃত হয়ে ওঠা, অমিতাভ বচ্চনের ‘স্টারডম’-এ আরও একটি পালকজুড়ে জুড়েছিল।
সহকারী পরিচালক হিসাবে মনোজ কুমারের বহু ছবিতে কাজ করেছেন তিনি, যার মধ্যে রয়েছে ‘পুরব অউর পাশ্চিম’, ‘শোর’ এবং ‘রোটি কাপড়া অউর মকান’। পরবর্তী ছবি বাংলার ‘আশ্রিতা’ (১৯৮৯) এবং ‘প্যায়ার ভরা দিল’ (১৯৯১)।

Be the first to comment