রোজদিন ডেস্ক : দার্জিলিং পাহাড়ে বাঁদরদের খাবার দিলেই ৫ হাজার টাকা জরিমানা দিতে হবে। সম্প্রতি দার্জিলিং পুরসভা এই নিয়ম চালু করেছে। কেন এই নিয়ম চালু? পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরি জানান, বাঁদরদের অত্যাচারে বহু মানুষ অতিষ্ঠ। খাবার না পেয়ে অনেক সময় মানুষকে কামড়ও দিচ্ছে তারা। পাহাড়ে হু হু করে র্যাবিশ বাড়ছে। এই প্রেক্ষিতে বাঁদরকে খাওয়ালে জরিমানা চালু করা হয়েছে।
দার্জিলিং পাহাড়, বিশেষত ম্যাল এলাকায় বাঁদরদের সংখ্যা ক্রমেই বাড়ছে। বহু পর্যটক আদর করে তাদের খাবার দেওয়ায় বিপত্তি আরও বাড়ছে বলে পুরসভার অনুযোগ। সাধারণত বাঁদর-সহ বন্য প্রাণীরা নিজেদের খাবার আহরণ করতে অভ্যস্ত। কিন্তু জনপদে বিনা প্রয়াসে খাবার মিললে তাদের জীবনশৈলীও বদলে যায় বলে বিশেষজ্ঞরা মনে করেন। বছরভর পর্যটকদের আনাগোনায় মুখরিত দার্জিলিং পাহাড়ে পশুপ্রেমীরা বাঁদর দেখলে ভালবেসে তাদের খাবার দেন। এতে তাদের অভ্যাস খারাপ হচ্ছে বলে পুরসভা মনে করে। তাই এই জরিমানার ব্যবস্থা। গোটা পাহাড়ে এই মর্মে পোস্টার, ব্যানার ইত্যাদির সাহায্যে সবাইকে সতর্ক করা হচ্ছে।

Be the first to comment