‘আগুন নিয়ে খেলবেন না’ বড়বাজার অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘আগুন নিয়ে খেলবেন না। কথা না শুনলে পুরসভা, দমকল, পুলিশ, ব্যবস্থা নেবে।’ দিঘা থেকে ফিরেই বৃহস্পতিবার বড়বাজারে অগ্নিকাণ্ডে ঘটনাস্থল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে একথা বলেন তিনি। তিনি বলেন, ‘আপৎকালীন ব্যবস্থা যাঁরা রাখে না, তাঁরা ক্ষমার অযোগ্য। বারবার বলা সত্ত্বেও অনেকে শুনছেন না। পুরসভা বলা সত্ত্বেও ক্ষতিগ্রস্ত বাড়ি ছাড়ছে না।’ বিপজ্জনক বাড়ি নিয়ে তিনি বলেন, ‘জীবন আগে। যে বাড়িগুলো বিপজ্জনক, তাঁদের মালিকদের সঙ্গে কথা বলা হবে। প্রয়োজনে তাঁদের সরিয়ে মেরামতির কাজ করা হবে।’


এদিন ঘটনাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আগুনে মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে ধোঁয়ায়। ধোঁয়া বেরোনোর সব পথই বন্ধ করে দেওয়া হয়েছিল।’ বড়বাজারের হোটেল সিল করে দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি জানান, বড়বাজারের অগ্নিকাণ্ডের পৃথক তদন্ত করবে পুরসভা। তিনি বলেন, ‘রাতে আগুন লাগার খবর পেয়েছিলাম। সারা রাত নজর রেখেছিলাম। হোটেলটা ৮৯ থেকে চলছে। এলাকায় অনেক বিল্ডিংয়ের অবস্থাই খারাপ। অনেক বিল্ডিংয়ের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আমরা ৯০ জনের জীবন বাঁচাতে পেরেছি।’ কলকাতা ও জেলায় পুলিশ, দমকলকে সারপ্রাইজ ভিজিট করার কথা বলবেন বলে এদিন জানান মমতা।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু, কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। ওই হোটেলের আশপাশের বেশকিছু বাড়ির অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আশপাশের বাড়িগুলির পরিস্থিতি নিয়ে মন্তব্য করার সময় মুখ্যমন্ত্রী জানান, অনেক বাড়িতে ১০টি করে পরিবার থাকেন। তাঁদের সকলকে বসে আলোচনার জন্য অনুরোধ করেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*