দ্বিমুকুট জয়, শ্রীভূমিকে হারিয়ে কন্যাশ্রী কাপ জিতল ইস্টবেঙ্গল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মঙ্গলবার কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বহু প্রতীক্ষিত ২০২৫ এর কন্যাশ্রী কাপ। যেখানে ইস্টবেঙ্গলের মহিলা দল আবারও প্রমাণ করল বাংলার ফুটবলে তারা এখন অন্যতম এক বড় শক্তি। ২০২৫ সালের কন্যাশ্রী কাপের ফাইনালে শ্রীভূমি এফসিকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে মরসুমের দ্বিতীয় ট্রফি ঘরে তুলল ‘মহিলা মশাল ব্রিগেড’। এর আগে এ বছরই ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতে নজির গড়েছিল লাল-হলুদের মেয়েরা। এবার কন্যাশ্রী কাপ জিতে মরশুমে ‘দ্বিমুকুট’ জয় করল তারা।
নির্ধারিত সময় খেলার ফলাফল ছিল ১-১। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায় সহ আইএফএ-র সমস্ত কর্মকর্তা ও ক্রীড়া দপ্তরের আধিকারিকগণ।

রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস দুই দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং বলেন, “মেয়েদের ফুটবলের মান আগের চেয়ে অনেক বেড়েছে। এই প্রতিযোগিতা তারই প্রমাণ।”
এই জয়ের ফলে ইস্টবেঙ্গল মহিলা দল বাংলার মহিলা ফুটবলের ইতিহাসে নতুন একটি অধ্যায় লিখল। এক মরশুমে দুটি বড় টুর্নামেন্ট জিতে তারা এখন জাতীয় স্তরেও অন্যতম ভয়ংকর দল হিসেবে পরিচিত। ভবিষ্যতে এই দল আরও অনেক সাফল্য পাবে বলেই আশাবাদী ফুটবলপ্রেমীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*