রোজদিন ডেস্ক : নির্মীয়মান বাড়ি বা বহুতলের জন্য রাস্তার যত্রতত্র ইট, বালি, স্টোন চিপস ফেলে রাখা আর বরদাস্ত করা হবে না। এর জন্য আর্থিক জরিমানা করবে প্রশাসন। চলতি বছরের ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হচ্ছে এই ব্যবস্থা। রবিবার এমনই জানিয়ে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার শিলিগুড়ি পুরনিগমের কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী বলেন, বাড়ি বানাচ্ছেন, আর রাস্তায় পাথর, বালি, ইট ফেলে রাখছেন, এটা আর চলবে না। ১ সেপ্টেম্বর থেকে আমরা জরিমানা আদায় শুরু করবো। যখন নিজের বাড়ি করছেন, তখন সেই সমস্ত নির্মাণ সামগ্রী নিজের প্লটের ভিতরেই রাখুন। রাস্তাটা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এদিন ফাঁকা জমি কিনে রেখে ফেলে রাখা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী। বলেন, এমন অনেকেই আছেন যাঁরা শহরাঞ্চলে ফাঁকা জমি কিনে রেখে ফেলে রাখেন। এর ফলে মশার উপদ্রব বাড়ে। বাড়ে রোগের প্রকোপ। মন্ত্রীর কড়া ভাষায় বলেন, ৩০ বছর পর বাড়ি বানাব, আর এখন সেই জমিতে ঝোপঝাড়, নালা-নর্দমা বা পচা জল জমে থাকবে, তা হবে না। নিজের বাড়ি বা বাগান যেমন পরিষ্কার রাখেন, তেমনি ফাঁকা জমিও পরিষ্কার রাখতে হবে, আর এর দায়িত্বও নিতে হবে জমি মালিককেই। আপনার ফেলে রাখা ফাঁকা জমির নোংরা রাখায় প্রতিবেশীরা ডেঙ্গুতে ভুগবে, সরকার এটা মেনে নেবে না। এখন দেখার মন্ত্রীর এই দাওয়াইয়ে কতটা কাজ হয়।

Be the first to comment