রোজদিন ডেস্ক : রাজ্যে ফের মিলল বিপুল অঙ্কের টাকা। বীরভূমের মিনার মণ্ডলের বাড়ির পর এবার মালদহ। সেখানে এক ব্যবসায়ীর ফ্ল্যাট থেকে মিলেছে কোটি কোটি টাকা। বান্ডিল বান্ডিল সব ৫০০ টাকার নোট। সেই টাকা গোনার জন্য রবিবার রাতেই টাকা গোনার মেশিন আনা হয়েছে। সর্বশেষ খবর, এখনও পর্যন্ত প্রায় আড়াই কোটি টাকা গোনা সম্ভব হয়েছে। টাকা গোনার কাজ চলছে। রবিবার রাতে মালদহ থানার মঙ্গলবাড়ির ঘটনা। সেখানেই একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল অঙ্কের এই নগদ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুরে সম্প্রতি অভিযান চালিয়ে বিপুল পরিমান নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে পুলিশ। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জেরা করেই মালদহের এই ফ্ল্যাটের খোঁজ পান তদন্তকারীরা। তারপরই ধৃত চারজনকে নিয়েই মালদহের এই ফ্ল্যাটে হানা দেন তাঁরা। ওই ফ্ল্যাটবাড়ির মালিক জনৈক দিলীপ সাহা। ভবনের তিনতলার একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন পিন্টু সরকার। সেই ফ্ল্যাট থেকেই কোটি কোটি টাকা মিলেছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, রবিবার রাত আটটা নাগাদ ধৃতদের নিয়ে ওই ফ্ল্যাটে হানা দেয় পুলিশ। ফ্ল্যাটমালিক পিন্টুর ওষুধের ব্যবসা রয়েছে। তবে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারে তার কতটা যোগ তা এখনও স্পষ্ট নয়।

Be the first to comment