আফগানিস্তানে মৃত্যু মিছিল

Spread the love

রোজদিন ডেস্ক : একের পর এক ভয়াবহ ভূমিকম্পর ধাক্কায় প্রতিবেশী আফগানিস্তান এখন রীতিমত মৃত্যুপুরী। চারিদিকে শুধু হাহাকার। প্রকৃতির রুদ্ররোষে ভেঙে গুড়িয়ে গেছে বিপুল সংখ্যক মানুষের সাধের বাড়ি ঘর। প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আহতও অসংখ্য। তালিবান সরকারের সূত্রে প্রকাশ, ভূমিকম্পে ১৫০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন,  আহতর সংখ্যা ৩ হাজারের বেশি। সরকার জরুরি ভিত্তিতে উদ্ধার ও ত্রাণের কাজ করছে।

প্রতিবেশী দেশের এই বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়েছে ভারত। পৃথিবীর বিভিন্ন দেশও এই ঘটনায় উদ্বিগ্ন। মূলত আফগানিস্তানের পূর্ব প্রান্তে পাহাড় ঘেরা অঞ্চলে পরপর দু-দিন তীব্র ভূমিকম্পর অভিঘাতে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। রবিবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.০, এর অভিঘাত না কাটতেই ফের আঘাত হানে প্রকৃতি। বিধ্বস্ত হয়ে যায় একের পর এক জনপদ। আর্ত মানুষের হাহাকার, ক্রন্দন ধ্বনিতে ভারী হয়ে উঠেছে ওখানকার আকাশ বাতাস। কাদা পাথরের ধ্বংস স্তুপ সরিয়ে চলছে প্রাণের সন্ধান।

তালিবানি শাসনে আফগানিস্তানের স্বাস্থ্য পরিষেবার হাল তলানির দিকে। ব্যাপক রাজস্ব ঘাটতির জন্য আমজনতা বিভিন্ন পরিষেবা পান না। ফলত, প্রাকৃতিক বিপর্যয় তাদের আরও অসহায় করে তুলেছে। ২০২১ সালে তালিবানরা ক্ষমতাসীন হওয়ার পর এই নিয়ে তিনবার ভূমিকম্প আঘাত হেনেছে ওই দেশে। তালিবানি শাসন নিয়ে বিশ্বের বহু দেশই বিরক্ত। ওখানে আর্থিক পরিস্থিতিও ভাল না। এই সংকটজনক অবস্থায় আফগানিস্তানের দুর্গত সাধারণ মানুষের পাশে দাঁড়াতে আহবান জানিয়েছেন রাষ্ট্র সংঘের স্থানীয় প্রতিনিধিও।

ইতিমধ্যে বিভিন্ন দেশ বিপর্যস্ত ওই দেশকে সহায়তার আশ্বাস দিয়েছে। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব কুনার প্রদেশ। সেখান থেকে আকাশ পথে দুর্গতদের উদ্ধারের চেষ্টা হচ্ছে। দুর্গম মাজার এলাকায় হেলিকপ্টার নামতে পারেনি বলে স্থানীয় সূত্রের খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*