রোজদিন ডেস্ক : রাজ্যে চলতি এসআইআর পর্বের শুনানিতে প্রমাণপত্র হিসেবে ‘ডোমিসাইল সার্টিফিকেট’ আপাতত গ্রহণযোগ্য নয়। স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই যে সব ভোটার এই শংসাপত্র প্রমাণ হিসেবে জমা দিয়েছেন, তাঁদের ফের শুনানির জন্য ডাকা হতে পারে৷ এমনও ইঙ্গিত দিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর-এ প্রামাণ্য নথি হিসেবে রাজ্য সরকার জারি করা যে স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র গ্রহণযোগ্য, ডোমিসাইল সার্টিফিকেট সেই সংজ্ঞার মধ্যে পড়ে না। কমিশনের ব্যাখ্যা অনুযায়ী, ডোমিসাইল সার্টিফিকেট মূলত একটি নির্দিষ্ট প্রশাসনিক প্রেক্ষিতে জারি করা নথি, যা ভোটার তালিকার যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে সাধারণভাবে ব্যবহারযোগ্য নয়।
সাধারণভাবে প্রতিটি রাজ্যে ডোমিসাইল সার্টিফিকেট ইস্যুর জন্য আলাদা সরকারি নির্দেশিকা রয়েছে। পশ্চিমবঙ্গে এই সংক্রান্ত শেষ সরকারি নির্দেশিকায় বলা ছিল, সেনাবাহিনী ও বিভিন্ন আধাসামরিক বাহিনীর চাকরিপ্রার্থী অবাঙালি নির্দিষ্ট কয়েকটি শ্রেণির মানুষই মূলত এই শংসাপত্র পাওয়ার যোগ্য। কিন্তু বর্তমানে অভিযোগ উঠেছে, রাজ্যের বিভিন্ন জায়গায় সেই নির্দেশিকা না মেনেই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, যা বেআইনি।
এই অবস্থায় কমিশনের বক্তব্য, যেহেতু ডোমিসাইল সার্টিফিকেট জারির ক্ষেত্রে নিয়ম মানা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে, তাই এসআইআর শুনানিতে প্রামাণ্য নথি হিসেবে এই শংসাপত্র গ্রহণ করা যাবে না।

Be the first to comment