ছাব্বিশের নির্বাচনে থাকছে ৩৫ হাজার পুলিশ, কমিশনকে লিখিতভাবে জানালো রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : আসন্ন বিধানসভা নির্বাচনে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনও সমস্যা হবে না বলে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে। একসঙ্গে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হলেও পশ্চিমবঙ্গে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। পাশাপাশি ভোটের কাজে প্রায় পঁয়ত্রিশ হাজার রাজ্য পুলিশ মোতায়েন করা হবে বলেও নির্বাচন কমিশনকে লিখিত ভাবে জানিয়েছে রাজ্য সরকার। বিধানসভা নির্বাচনে বাহিনী মোতায়েন নিয়ে জরুরি বৈঠকে সম্প্রতি নির্বাচন কমিশনের দফতরে ছিলেন রাজ্যের সিইও মনোজ কুমার আগরওয়াল। দু’দিনের ওই বৈঠক শেষে রাজ্যে ফিরে তিনি যে ইঙ্গিত দিয়েছেন, তাতে প্রশাসনিক মহলের ধারণা—এ বার রাজ্যে বিধানসভা নির্বাচন সম্ভবত এক দফাতেই হতে চলেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় হল ভোটার তালিকা ও নিরাপত্তা। ভোটার তালিকার নিখুঁত করার কাজ এখন চলছে। সেই কাজ শেষ হলেই নির্বাচন কমিশন নির্ঘণ্ট প্রকাশ করবে। কমিশন সূত্রে দাবি, ভোটকর্মীর কোনও ঘাটতি এই মুহূর্তে রাজ্যে নেই। তবে সাম্প্রতিক অতীত এবং গত পনেরো বছরের নির্বাচনী অভিজ্ঞতা পর্যালোচনা করে কমিশন এক দফাতে ভোট করানোই সবচেয়ে কার্যকর হবে বলে মনে করছে। সেই ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা মূলত আইনশৃঙ্খলা রক্ষার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ভোট প্রক্রিয়ার মূল দায়িত্ব সামলাবে কেন্দ্রীয় বাহিনী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*