রোজদিন ডেস্ক : কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হওয়া কোনও ওবিসি শংসাপত্র এসআইআরের শুনানিতে ব্যবহার করা যাবে না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসআইআর সংক্রান্ত শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে, সে বিষয়ে স্পষ্ট বলা হয়েছে। সেই অনুযায়ী ২০১০ সালের আগে জারি হওয়া এবং হাইকোর্টে চ্যালেঞ্জ না হওয়া ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে জানানো হয়েছে, যেসব ওবিসি শংসাপত্র ২০১০ সালের পর জারি হয়েছে, কিন্তু হাইকোর্টের অন্তর্বর্তী নির্দেশে যেগুলির উপর স্থগিতাদেশ নেই এবং যেগুলি নির্বাচন কমিশনের অনুমোদিত নথির তালিকায় পড়ে, সেগুলি নির্দিষ্ট শর্তসাপেক্ষে বিবেচিত হতে পারে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জেলা নির্বাচনী আধিকারিক, ইআরও এবং এইআরও-দের নির্দেশ দেওয়া হয়েছে, শুনানির সময় কোনও নথি গ্রহণের ক্ষেত্রে আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের গাইডলাইন কঠোরভাবে মানতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট শংসাপত্রের সত্যতা যাচাইয়ের জন্য অতিরিক্ত নথি তলব করা যাবে। ভবিষ্যতে আদালতের কোনও নতুন নির্দেশ এলে সেই অনুযায়ী পরিবর্তন করা হবে।

Be the first to comment