ভুল নথি, এবার কমিশনের শাস্তির কোপে পড়তে পারেন ভোটাররাও

Spread the love

রোজদিন ডেস্ক : ইআরও, এইআরও-দের বিরুদ্ধে পদক্ষেপের পর এবার শাস্তির খাঁড়া নামতে পারে ভোটারদের ওপরও। এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব মিটতেই কমিশনের নজরে এসেছে একাধিক সন্দেহজনক লিঙ্কেজ। এনুমারেশন ফর্মে স্পষ্টভাবে উল্লেখ ছিল, কোনও ভোটার ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিলে ১৯৫০ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৩১ নং ধারা অনুযায়ী এক বছরের কারাদণ্ড হতে পারে। সেই বিধানই এবার সামনে আসছে নতুন করে। সূত্রের খবর, যাচাই পর্বে দেখা যাচ্ছে বহু ভোটার এমন ব্যক্তির সঙ্গে নিজেদের নাম লিঙ্ক করেছেন, যাঁদের সঙ্গে বাস্তবে কোনও সম্পর্কই নেই। এসআইআর-এর শেষ পর্যায়ে গিয়ে কমিশনের চোখে একের পর এক এমন গরমিল ধরা পড়ছে। রোল অবজার্ভাররা ইতিমধ্যেই বিষয়টি সংশ্লিষ্ট ইআরও এবং কমিশনকে জানিয়েছেন। মঙ্গলবার রাতে রাজ্যে পৌঁছেছেন বিশেষ রোল পর্যবেক্ষক এন কে মিশ্র। আগে থেকেই রাজ্যে রয়েছেন সুব্রত গুপ্ত। কমিশন সূত্রে খবর, তাঁদের পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াই নয়, ভুল তথ্য প্রমাণিত হলে অনেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যেই এই প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ফলে ভোটার তালিকা সংশোধন নিয়ে প্রশাসনিক তৎপরতা ও রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে চলেছে বলাই যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*