রোজদিন ডেস্ক : কেরালার নীলাম্বুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক পি ভি আনবর সহ চার জনের বাড়ি হানা দিলো ইডি। বিপুল টাকা নয়ছয়ের অভিযোগ আছে তাঁদের বিরুদ্ধে।
চলতি বছরের প্রথম দিকে কেরালার ক্ষমতাসীন এলডিএফের বহিষ্কৃত বিধায়ক পি ভি আনবর এই রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। পরে নিজের কেন্দ্রের উপনির্বাচনে পরাজিত হন। তাঁকে সাদরে দলে স্বাগত জানিয়েছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তাঁর মাধ্যমে সুদূর কেরালায় দলের প্রভাব বিস্তারের আশা ছিল রাজ্যের শাসক দলের।
২০১৫ সালে কেরালা অর্থ নিগমের থেকে নেওয়া বিপুল পরিমাণ টাকা নয়ছয়ের আভিযোগে আজ পি ভি আনবরের বাড়ি তল্লাসি চালাচ্ছে ইডি। তিনি ছাড়া তাঁর গাড়ির চালক জিয়াদ, কেরালা অর্থ নিগমের তিন আধিকারিক আব্দুল মানাফ, টি মিনি ও মুনির আহমেদের বাড়িও একযোগে এই তল্লাসি চলছে।
কোল্লাম ভিত্তিক শিল্পপতি মুরুগেশ নরেন্দ্রমের অভিযোগের প্রেক্ষিতে পি ভি আনবরের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। তাঁর বিরুদ্ধে ঋণ খেলাপি, বেনামি সম্পত্তি, টাকা নয়ছয় ইত্যাদি অভিযোগ আছে।
তল্লাসির সময় সঙ্গে সিআরপিএফ নিয়ে গেছে কেন্দ্রীয় সংস্থা। ২০১৫ সালে কেরাকা অর্থ নিগম থেকে ২৫০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন পি ভি আনবর।
এক সময় কেরালার সব থেকে ধনী বিধায়ক ছিলেন তিনি। শাসক এলডিএফের সমর্থনে বিধায়কও হন। যদিও পরে মুঝ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সহ এলডিএফের বিরুদ্ধে দুর্নীতি সহ নানা অভিযোগ তুলে বহিষ্কৃত হন।
চলতি বছর জুন মাসে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও সেই মনোনয়নপত্র খারিজ হয়৷ নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন তিনি।

Be the first to comment