রোজদিন ডেস্ক : আসন্ন দীপাবলির আগে ফের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ইডি অভিযান চলছে। এবার নিশানায় বালি ব্যবসায়ীরা। আজ সকাল থেকেই কলকাতা, আসানসোল, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে ইডির একাধিক দল অভিযান শুরু করেছেন। রাজ্যে বিভিন্ন এলাকায় কিভাবে নদী খাত থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচার করা হচ্ছে তা খতিয়ে দেখতে এই অভিযান বলে ইডি সূত্রের খবর।
এর মধ্যে আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী মনীশ বাগারিয়াও আছেন। কার্যত তাঁরা ঘুম থেকে ওঠার আগেই তাঁর বাড়িতে হানা দেন ইডি আধিকারিকরা। পরিবারের সবার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেন।
সূত্রের খবর, এই ব্যবসায়ী ও কয়েকজন মিলে বৈধ ভাবে বালি তোলার ইজারা নিলেও তাঁদের বিরুদ্ধে অবৈধ ভাবে বালি তোলার অভিযোগও আছে। সেই বিষয় খতিয়ে দেখতে তাঁর বাড়ি ম্যারাথন তল্লাসি চালাচ্ছে ইডি।
এই ছাড়া অন্য জায়গায়ও হানা দিয়েছেন তাঁরা। সঙ্গে আছে কেন্দ্রীয় বাহিনী।
প্রসঙ্গত, এর আগে ও বালি, কয়লা, গরু ইত্যাদি অবৈধ ভাবে পাচারের দায়ে একাধিক জায়গায় হানা দিয়েছেন ইডি আধিকারিকরা। অনেকে গ্রেফতার হয়েছেন, জামিনও পেয়েছেন।
রাজ্য সরকার, শাসক দলের অভিযোগ, নির্বাচন এলেই এই সব কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা বাড়ে। একই অভিযোগ করেন বিরোধীরাও।

Be the first to comment