রোজদিন ডেস্ক :
কলকাতা উচ্চ আদালত বারুইপুর আদালত চত্বরে আইনজীবী সায়ন ব্যানার্জি কে ডিম ছোঁড়া নিয়ে রিপোর্ট তলব করেছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুগে এই ঘটনায় অসন্তুষ্ট বলে সূত্রের খবর। এই বিষয়ে উচ্চ আদালত দক্ষিণ ২৪ পরগনার জেলা জজ ও পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে বলে জানা যায়। ভাঙড় কলেজে গোলমালের জেরে পরশু দিন পুলিশ বামপন্থী ছাত্র সংগঠনের চার পড়ুয়াকে গ্রেফতার করেছিল।। গতকাল তাঁদের জামিনের জন্য সিপিএমের তরুণ আইনজীবী সায়ন ব্যানার্জি বারুইপুর আদালতে যান। তাঁর যাতায়াতের সময় ডিম, ঢিল ইত্যাদি ছোঁড়ার অভিযোগ ওঠে। অভিযোগের তির এবিভিপি, বিজেপির কর্মী, সমর্থক দের দিকে।
সায়ন ব্যানার্জি-সহ আইনজীবীদের এই হেনস্থার প্রতিবাদে এইদিন বারুইপুর আদালতে বিক্ষোভ দেখান আইনজীবীরা৷ তাঁদের অভিযোগ, এতে বিচার বিভাগ, আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। তাঁরা এই ঘটনায় জড়িতদের গ্রেফতার, আদালত চত্বরে তাঁদের নিরাপত্তা বৃদ্ধির ও দাবি করেন। সূত্রের খবর, বিক্ষুব্ধ আইনজীবীরা আদালতের সদর ফটকে তালাও দেন। পরে তাঁরা ঠিক করেন, ২৪ ঘন্টার মধ্যে ডিম, ঢিল ছোঁড়ায় অভিযুক্তদের গ্রেফতার করা না হলে আগামীকাল দুপুরের পর তাঁরা সব কাজ বন্ধ করে দেবেন। এরপর আদালতের সদর ফটক খুলে দেওয়া হলেও পরিস্থিতি থমথমে ছিল।

Be the first to comment