প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীতে কৃষ্ণনগরে নির্দলীয় পদযাত্রা

Spread the love

নিজস্ব সংবাদদাতা, কৃষ্ণনগর :

সরদার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে গত এক বছর ধরে দেশজুড়ে নানা আয়োজনে স্মরণ করা হচ্ছে দেশের প্রথম উপ–প্রধানমন্ত্রীকে। সেই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে সোমবার কৃষ্ণনগর ক্ষৌনিশ পার্ক থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করা হয়।

সকালে ক্ষৌনিশ পার্কে অংশগ্রহণকারীদের জমায়েত শুরু হয়। হাতেগোনা কয়েকজন নয়—শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সের মানুষ যোগ দেন এই কর্মসূচিতে। কারও হাতে দলীয় পোস্টার নেই, দলীয় কোনো প্রতীকও নয়; সবার হাতেই ছিল জাতীয় পতাকা। আয়োজকদের দাবি, প্যাটেলের জাতীয়চিন্তা ও ঐক্যের বার্তাকে সামনে রেখেই এই নির্দলীয় উদ্যোগ।

পদযাত্রার শুরুতে উপস্থিত ছিলেন নদীয়া জেলার উত্তর মহকুমা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস। তবে তিনি স্পষ্টভাবেই জানালেন, রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করলে তা ভুল হবে। তাঁর কথায়, “এটা কোনো পার্টির কর্মসূচি নয়। দেশের একজন মহান রাষ্ট্রনেতাকে স্মরণ করার অনুষ্ঠান। তাই এখানে কোনো দলীয় পতাকা রাখা হয়নি।”

প্রায় এক কিলোমিটার পথ মানুষজন শান্তভাবে হেঁটেছেন, পথে পথচারীদের মধ্যেও কৌতূহল ছিল বেশ। পোস্ট অফিস মোড়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তৃতায় আয়োজকরা প্যাটেলের প্রশাসনিক দূরদর্শিতা এবং দেশের ঐক্যে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

জন্মজয়ন্তীর বছরব্যাপী কেন্দ্রীয় উদযাপনের মধ্যেও কৃষ্ণনগরের এই উদ্যোগ স্থানীয় মানুষের অংশগ্রহণের দিক থেকে আলাদা নজর কেড়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*