রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের পর টলি পাড়াতেও শেষ হয়েছে স্বরূপ-যুগ। কিন্তু তারপর থেকে অচলাবস্থা অব্যাহত। টলিউডের রাশ থাকবে কাদের হাতে তা নিয়ে চলছে টানাপোড়েন। এই অচলাবস্থা কাটাতে এবার সরাসরি নির্বাচনের পথে হাঁটার সিদ্ধান্ত নিল টলিপাড়া। আগামী ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর, দু’দিন ধরে চলবে ফেডারেশনের আওতায় থাকা ২৬টি গিল্ডের পদাধিকারীদের নির্বাচন। সেই নির্বাচনের পর গঠিত হবে নতুন কমিটি। সেই কমিটি আগামীদিনে টলিউড চালাবে। সোমবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনই জানালেন বিভিন্ন গিল্ড সদস্যরা। বৈঠকে সভাপতিত্ব করেন মিঠুন চক্রবর্তী। বৈঠকের মূল আলোচ্য সূচি ছিল ২৬টি গিল্ডের নির্বাচন, সদস্যপদ এবং গিল্ড কার্ড নিয়ে জটিলতা। সেখানে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি তৈরি হবে। গিল্ডের সদস্যদের জন্য নতুন করে কার্ড তৈরি হবে। সেই কার্ড ছাড়া টলিউডে কেউ কাজ করতে পারবে না। বৈঠকের পর মিঠুন জানান, ৩১ অক্টোবর ও ১ নভেম্বর ২৬টি গিল্ডের নির্বাচন হবে। নির্বাচনের ওপর কড়া নজর রাখা হবে। ইন্ডাস্ট্রিতে তিনি কোনও ‘নর্দমা’ থাকতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন মিঠুন। বৈঠক থেকে বেরিয়ে “তাঁরা খুশি” বলেই জানান বিভিন্ন গিল্ডের সদস্যরা। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, দুই বিজেপি বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, অভিনেতা জিৎ-সহ টলিপাড়ার কুশীলবরা।

Be the first to comment