Encounter রায়গঞ্জে ধর্ষণে অভিযুক্ত নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
উৎসবের মরসুমে রাজ্যে আবার ও এনকাউন্টার! পালাবদলের রাজ্যে আজ এই নিয়ে চতুর্থ বার রায়গঞ্জে এনকাউন্টারে প্রাণ হারালেন ধর্ষণে অভিযুক্ত এক যুবক। গত শুক্রবার রায়গঞ্জে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। গত মঙ্গলবার থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার তার দেহ উদ্ধারের পর গণধর্ষণ করে হত্যার অভিযোগ ওঠে। বালিকার পরিবারের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়কে পুলিশ খুঁজছিল। রায়গঞ্জের কর্ণজোড়ায় অভিযুক্তের বাড়ি।সেখান থেকে সে পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গতকাল গভীর রাতে তার খোঁজে অভিযান চালায়।আজ কাকভোরে কুলিক নদীর কাছে পুলিশকে দেখে অভিযুক্ত দিলীপ রায় গুলি ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ পালটা গুলি ছুঁড়লে সে প্রাণ হারায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নতুন সরকারের গত ছয় মাসে এই নিয়ে চতুর্থ বার এনকাউন্টারের ঘটনায় রাজ্যে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
বিশিষ্ট আইনজীবী বিকাশ ভট্টাচার্যর মতে, এই সব ধর্ষণের নেপথ্যে যারা আছে তাদের না ধরে অভিযুক্ত বলে দাগিয়ে দিয়ে এনকাউন্টার হতে পারে।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, আইনের বিরুদ্ধে গিয়ে আইন ভাঙলে, আইন হাতে নিলে পুলিশের সামনে আসতে হবে। পুলিশ তখন এই রকম করতে বাধ্য হবে। এমন পরিস্থিতি যেন না আসে। সবাইকে তিনি আইনের পথে চলতে বলেন।
প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ ব্যানার্জি বলেন, অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া উচিত। চটজলদি এনকাউন্টারের তিনি পক্ষপাতী না, তার ইঙ্গিত মেলে।
প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা বলেন, এই ধরনের গর্হিত অপরাধ যাতে না হয়, তার জন্য বার্তা দেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ধর্ষণের মত অপরাধে যুক্তদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নিলে তিনি পাশে থাকবেন বলে মুখ্যমন্ত্রী একাধিকবার বার্তা দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*