রোজদিন ডেস্ক : প্রয়াত হলেন হাওড়ায় সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার। বয়স হয়েছিল ৮৩ বছর। বুধবার নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। ১৯৯৬ থেকে ২০১৬ পর্যন্ত টানা পাঁচবার ওই আসন থেকে তিনি বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু পাঁচবারের বিধায়ক শীতল সর্দারকে ২০২১ সালে টিকিট দেয়নি তৃণমূল। টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন তিনি। যদিও বিজেপি তাঁকে সাঁকরাইলে টিকিট দেয়নি। রাজ্য কমিটিতে জায়গা পেলেও বিজেপিতে খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা যায়নি তাঁকে। বছর দুয়েক আগে ফের তৃণমূলে যোগ দেন এই তফসিলি নেতা।সম্প্রতি শারীরিক অসুস্থতার জেরে খুব একটা দেখা যায়নি তাঁকে। সম্প্রতি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। শীতল সর্দারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের অনেকেই। ১৯৯৬ সালে সাঁকরাইল কেন্দ্র থেকে প্রথমবার কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন শীতলবাবু। পরের চারবার ছিলেন তৃণমূলের বিধায়ক। ২০০৬ সালের বিধানসভা ভোটে রাজ্যে তৃণমূলের মাত্র ৩০ জন বিধায়ক ছিলেন। তাঁদের মধ্যে একজন ছিলেন শীতল সর্দার।

Be the first to comment