রোজদিন ডেস্ক :
প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা কলকাতা পুরসভার মেয়র পারিষদ (Ex TMC councillor) তারক সিং আজ পুত্র, কন্যা সহ রাজ্য বিজেপির সল্ট লেক দফতরে যান। বেহালার দীর্ঘ দিনের দাপুটে তৃণমূল নেতার পুত্র অমিত সিং ও কন্যা কৃষ্ণা সিং প্রাক্তন কাউন্সিলর।
পুজোর পর ই কলকাতা পুরসভার নির্বাচন হওয়ার কথা। এই প্রেক্ষিতে তারক সিং ও তাঁর পুত্র, কন্যার বিজেপি দফতরে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলেছে।
দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় নেতা সুনীল বনশল ও তখন বিজেপি দফতরে ই ছিলেন।
পরে তারক সিং জানান, তাঁর বিরুদ্ধে এলাকায় অনেকে টাকা তোলার অভিযোগ করেছেন, তাঁর কন্যা ও পুত্রের বিরুদ্ধে পুলিশ মিথ্যা মামলা করেছে, এই সব নিয়ে কথা বলতেই তিনি আজ এখানে আসেন।
কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের সঙ্গে তিনি কথা বলেছেন। পুলিশের কাছে গিয়ে কোন কাজ না হওয়ায় তাঁর এখানে আগমন।
বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিষয়ে প্রশ্নে বলেন, তারক সিং রা কেন এসেছিলেন, কার সঙ্গে দেখা করেছেন তিনি জানেন না। ইঙ্গিত পূর্ণ ভাবে তিনি জানান, রাজনৈতিক অস্পৃশ্যতায় তাঁরা বিশ্বাস করেন না। তাঁরা আসুন, বসুন, কথা বলুন, তবে ওই এলাকায় (পুরসভা নির্বাচনে) বিজেপির প্রার্থীই থাকবেন।এই নিয়ে জল্পনা করে কোন লাভ নেই।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর সাবেক দলের প্রতি বেসুরো হয়েছিলেন দলের দীর্ঘদিনের কাউন্সিলর তারক সিং। এবার তিনি গেরুয়া শিবিরে যোগ দেবেন কিনা তা নিয়ে জল্পনা অব্যাহত।

Be the first to comment