দলীয় সমর্থকদের দুটি ফেসবুক গ্রুপ ডিলিট করে দেওয়ার অভিযোগ তুললো তৃণমূল কংগ্রেস

Spread the love
দলীয় সমর্থকদের দুটি ফেসবুক গ্রুপ ডিলিট করে দেওয়ার অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস। নিজের টুইটার হ্যান্ডেল এই ঘটনার জন্য বিজেপি-র বিরুদ্ধে আঙুল তুলেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ কর্নেল দীপ্তাংশু চৌধুরী।
টিএমসিএস এবং টিসিসিএফ নামের দুটি ফেসবুক গ্রুপ  ডিলিট করা হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলার শাসক দল। তৃণমূলের অভিযোগ বিজেপি-র অঙ্গুলি হেলনেই এই কাজ করেছে ফেসবুক কর্তৃপক্ষ। দুটি গ্রুপের প্রত্যেকটিতে দেড় লক্ষের বেশি সদস্য ছিল বলে দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। তৃণমূল সূত্রের খবর গোটা বিষয়টি নিয়ে তারা অভিযোগ জানিয়েছেন দিল্লিতে অবস্থিত ভেরতের ফেসবুক হেড কোয়ার্টারে। বাংলার শাসক দলের হুঁশিয়ারি, গ্রুপ দুটি চালু না হলে তারা আইনের রাস্তায় হাঁটবেন।
প্রসঙ্গত, তৃণমূল যে সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিচ্ছে তা কয়েকমাস ধরেই দলের শীর্ষ নেতৃত্বের বক্তব্যে বোঝা যাচ্ছিল। ২৮ অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছাত্র নেতা-কর্মীদের পরামর্শ দিয়েছিলেন বেশি করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দলের কথা মানুষের সামনে তুলে ধরতে। সেই সঙ্গে নেত্রীর কড়া নির্দেশ ছিল, “কেউ কোনও অশ্লীল কথা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখবেন না। ওরা যত কুৎসা করবে তত আপনি যুক্তি দিয়ে কাউন্টার করুন। দেখবেন ওরা পালাবে।”
এরপর কয়েক সপ্তাহ আগে নজরুল মঞ্চে দলের তরফে ডিজিটাল কনক্লেভও অনুষ্ঠিত হয়। সেখানে জেলা থেকে আসা সোশ্যাল মিডিয়ায় পারদর্শী কর্মীদের নিয়ে কর্মশালা করেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় তরুণ কর্মীদের বলেন, “বাবা-মাকেও সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করুন।” পর্যবেক্ষকদের মতে, বিজেপি যে ভাবে সোশ্যাল মিডিয়াকে নিজেদের প্রচারে ব্যবহার করে সেটাকে টক্কর দিতেই উনিশের ভোটের আগে কোমর বেঁধে নেমেছে বাংলার শাসক দল।
সোশ্যাল মিডিয়া থেকে গ্রুপ ডিলিটের ঘটনায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘনিষ্ঠ মহলে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। কয়েকদিন ধরেই ভারতে বহু ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠছে। মনে করা হচ্ছে রিপোর্ট করিয়ে সেই গ্রুপের কার্যকলাপ বন্ধ করে দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। তৃণমূলের অভিযোগ, বিজেপি-র আইটি সেলের তরফে এমনই কিছু করে জনপ্রিয় দুটি গ্রুপকে বন্ধ করানো হয়েছে।
যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। কেন্দ্রের শাসক দলের এক নেতার কথায়, “তৃণমূল এখন সব কিছুতেই বিজেপি-র ভুত দেখে। এর সঙ্গে বিজেপি-র কোনও সম্পর্ক নেই। তবে হতে পারে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় কুৎসা রটাচ্ছে,। সেই কারণে হয়তো ফেসবুক কর্তৃপক্ষ এমন ব্যবস্থা নিয়েছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*