রোজদিন ডেস্ক, কলকাতা:- দু’বছরের জন্য চিকিৎসক হিসাবে রেজিস্ট্রেশন বাতিল করা হল শান্তনু সেনের। স্বাভাবিকভাবেই দুই বছরের জন্য ডাক্তারি প্র্যাকটিস করতে পারবেন না তিনি, জানালো রাজ্য মেডিকেল কাউন্সিল। ভুয়ো ডিগ্রির জোরে বছরের পর বছর রোগী দেখার অভিযোগেই এমন সিদ্ধান্ত জানালো কাউন্সিল।
তবে মেডিক্যাল কাউন্সিলরের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন ডাঃ শান্তনু সেন। মেডিক্যাল কাউন্সিলে রেজিস্ট্রেশন না করেই মেডিক্যাল ডিগ্রি ব্যবহার করছিলেন চিকিৎসক শান্তনু সেন। এরকমই অভিযোগে সম্প্রতি শান্তনু সেনকে নোটিশ পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
কাউন্সিলের এই সিদ্ধান্তের পরই সাংবাদিক বৈঠকে নিজের অবস্থান স্পষ্ট করেন শান্তনু। তাঁর দাবি, ‘‘আমার ডিগ্রি ভুয়ো নয়। আমি MBBS এবং DMRD ডিগ্রি অর্জন করেছি। আমি রেডিওলজিস্ট হিসাবে কাজ করি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই DMRD করেছি, এমনকি প্রথম হয়ে গোল্ড মেডেল পেয়েছিলাম।’’
তিনি আরোও বলেন, “আমি নিজে কয়েক বছর আগেও এই মেডিক্যাল কাউন্সিলেই সরকারি নমিনির দায়িত্বে ছিলাম। আমি FRCP রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলাম, এমনকি ১০ হাজার টাকা জমাও দিয়েছিলাম। একাধিকবার RTI করেছি, চিঠিও দিয়েছি, কিন্তু কোনও উত্তর পাইনি। তাহলে ধরে নেওয়া যেতেই পারে, রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে।”

Be the first to comment