রোজদিন ডেস্ক, কলকাতা:- নিজের বিধানসভা কেন্দ্রে তৃণমূল কর্মীদের হাতেই আক্রান্ত হলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নিজের দলের বর্ষীয়ান নেতাকেই কালো পতাকাও দেখিয়েছে খোদ তৃণমূলকর্মীরাই। শুধু এখানে শেষ নয়, ঝাঁটা জুতো দেখিয়ে মন্ত্রীকে গো ব্যাক স্লোগান দিয়েছে দলের কর্মীরা।
সিদ্দিকুল্লা চৌধুরী মন্তেশ্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। একুশে জুলাইয়ের প্রস্তুতিসভার আগে বৃহস্পতিবার সেখানে তিনি। তাঁর কনভয় মালডাঙা এবং মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছোতেই হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক জন। তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। মন্ত্রীকে ‘চিটিংবাজ-ধাপ্পাবাজ’ বলেও আক্রমণ করতে থাকেন বিক্ষোভকারীরা।
এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের বিরুদ্ধে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা। তাঁর অভিযোগ, আহমদের মদতে তাঁর অনুগামীরা হামলা চালিয়েছেন। মন্ত্রীর দাবি, তাঁকে খুনের চেষ্টা হয়েছে। এই ঘটনায় বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লা গত চার বছর ধরে এলাকার খোঁজখবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। মালডাঙা ও আশপাশের এলাকার রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবায় অব্যবস্থার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা।

Be the first to comment