নবান্নের সামনে ‘বেপরোয়া’ টোটোর ধাক্কায় মৃত মহিলা সিভিক ভলান্টিয়ার

Spread the love

রোজদিন ডেস্ক : ডিউটি সেরে বাড়ি ফেরা আর হল না। নবান্নের সামনে ‘বেপরোয়া’ টোটোর ধাক্কায় মৃত্যু হল কলকাতা পুলিশের মহিলা সিভিক ভলান্টিয়ারের। শনিবার দুপুরে নবান্নের সামনে ভয়াবহ দুর্ঘটনার পর রীতিমতো শোরগোল শুরু হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, মৃত পুলিশ কর্মীর নাম নুপূর চট্টোপাধ্যায়, তাঁর বয়স ৫৩ বছর। ২০১৮ সালে কলকাতা পুলিশের বডিগার্ড লাইনে নিয়োগ করা হয়েছিল তাঁকে। হাওড়ার ডোমজুড়ে মাকড়দহে নুপূরদেবীর বাড়ি। এখন নবান্ন গেটের সামনে তাঁর কর্মস্থল। সেই কারণে শিবপুরের অপ্রকাশ মুখার্জি লেনে বাপের বাড়ি থেকে যাতায়াত করতেন। শনিবার সকালে ১০টা নাগাদ তিনি ডিউটিতে যোগ দেন। দুপুর নাগাদ ছুটি হয়। নুপূরদেবী মন্দিরতলার কাছে ব্রিজের নিচ দিয়ে তিনি বাড়ি ফিরছিলেন। এমন সময়ই ঘটে বিপত্তি।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এমন সময় বেপরোয়া একটি টোটো যাচ্ছিল ব্রিজের নিচ দিয়ে। টোটোটি আচমকা বাঁ দিক থেকে ডানদিকে ঘুরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধাক্কা দেয় নুপূরদেবীকে। তিনি রাস্তায় পড়ে যান, তাঁর উপর পড়ে যায় টোটোটি। রক্তাক্ত অবস্থায় তাঁকে সেখান থেকে উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, টোটোর আঘাতে সিভিক ভলান্টিয়ারের মাথায় গুরুতর চোট ছিল। তাঁকে বাঁচানো যায়নি। মৃতার স্বামী সুপ্রিয় চট্টোপাধ্যায় জানাচ্ছেন, ”এদিন সকাল ৮টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল। ১০টা থেকে ডিউটি থাকে। কিন্তু দুপুরবেলাই এই খবর পেলাম ফোনে। আচমকা এমন একটা ঘটনা! ভাবতেই পারছি না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*