রাতের অন্ধকারে নারায়ণপুরে কৃষকের ধানের গাদায় আগুন, তিন স্তুপই ছাই, দুষ্কৃতীর চক্রান্তের অভিযোগ

Spread the love

নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামে গভীর রাতে চাষের মাঠে রাখা ধানের গাদায় আগুন লেগে ব্যাপক ক্ষতি হলো এক কৃষকের। ঘটনায় তিনটি পাকা ধানের স্তুপ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক বিপ্লব সরকারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়—পরিকল্পিত আগুন লাগানো।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বিঘে জমিতে ধান চাষ করেছিলেন বিপ্লব সরকার। ধান কাটার পর মাঠেই ছয়টি স্তুপ তৈরি করে রেখেছিলেন। পরদিন থেকেই ঝাড়াই–বাছাই শুরু করার কথা ছিল। কিন্তু রবিবার রাতের অন্ধকারে আচমকা তিনটি স্তুপে আগুন দেখা যায়। নিমেষে আগুন ছড়িয়ে পড়ে এবং কিছুই রক্ষা করা যায়নি।

কৃষকের অভিযোগ, দুষ্কৃতীরা ইচ্ছাকৃতভাবে ধানের আটি ফেলে তিনটি স্তুপকে একসঙ্গে যুক্ত করে আগুন দেয়, যাতে দ্রুত আগুন এক স্তুপ থেকে অন্য স্তুপে ছড়িয়ে পড়ে। তদন্তে দেখা গেছে, আগুন লাগার ধরনও তা-ই ইঙ্গিত করছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুই বাঁচানো যায়নি। এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কৃষকের বহু মাসের পরিশ্রম এক রাতে শেষ হয়ে যাওয়ায় স্থানীয় কৃষকদের মাঝেও আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা, কী উদ্দেশ্যে এই কাণ্ড ঘটালো—তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে। ক্ষতিগ্রস্ত কৃষক প্রশাসনের কাছে যথাযথ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*