গৌরাঙ্গ সেতু মেরামতজনিত জট কাটাতে শ্মশান যাত্রীদের জন্য নৌকা পরিষেবা শুরু নবদ্বীপে

Spread the love

রোজদিন ডেস্ক :  গৌরাঙ্গ সেতুর মেরামতকাজে ভারী যান চলাচল বন্ধ থাকায় মৃতদেহ সৎকারে আসা মানুষজনের ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিল নবদ্বীপ পৌরসভা। শনিবার থেকে সেতুর পূর্ব পাড় থেকে নৌকার মাধ্যমে মৃতদেহ-সহ শ্মশান যাত্রীদের নবদ্বীপ মহাশ্মশানে পৌঁছে দেওয়ার পরিষেবা চালু হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী, সেতুর সংস্কারের জন্য ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪৫ দিন বড় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই সেতু দিয়ে নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল ছাড়াও উত্তর ২৪ পরগনার একাংশের মানুষ নিয়মিত নবদ্বীপ মহাশ্মশানে আসেন সৎকারের কাজে। কিন্তু বড় গাড়িতে সেতু পারাপার বন্ধ হয়ে যাওয়ায় পরপর কয়েকদিন ধরে সমস্যায় পড়ছিলেন অনেক পরিবার—মৃতদেহ নিয়ে শ্মশানে পৌঁছনোর উপায়ই মিলছিল না।

এ অবস্থায় পৌরসভা সিদ্ধান্ত নিয়েছে, বড় গাড়িতে মৃতদেহ নিয়ে আসা যাত্রীরা গৌরাঙ্গ সেতুর নিচে নির্দিষ্ট স্থানে গাড়ি রেখে নৌকায় মহাশ্মশানে যেতে পারবেন। দাহকার্য শেষ হলে একই নৌকায় তাঁদের ফিরিয়ে আনা হবে সেতুর পূর্ব পাড়ে। নৌকা পরিষেবাটি সম্পূর্ণভাবে পুরসভার ব্যবস্থাপনায় চালানো হচ্ছে, যাতে কোনো পরিবার বাড়তি সমস্যায় না পড়ে।

পৌরসভা সূত্রে জানা যায়, সেতু মেরামত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিষেবাটি চালু থাকবে। স্থানীয় বাসিন্দা ও শ্মশান যাত্রীদের মতে, এই উদ্যোগে অন্তত সবচেয়ে সংকটময় মুহূর্তে যাতায়াতের বড় অস্বস্তিটুকু দূর হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*