প্রতিবেদন: রবিবাসরীয় সকালে ছুটির মুডে শহরবাসী। বেলা বাড়তেই আচমকা ছড়াল আতঙ্ক। ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। উত্তর কলকাতার চিৎপুরের (fire in chitpur) একটি বন্ধ রাসায়নিক কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। কিন্তু তাতে না হওয়ায় আরও ৫টি ইঞ্জিন আনা হয়। সর্বশেষ খবর, ঘণ্টা খানেকের মধ্যে ১০টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আগুনের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম খায় দমকল। জানা গিয়েছে, এদিন বেলা ১১টা নাগাদ চিৎপুরের নবাব পল্লি এলাকার ওই বন্ধ রাসায়নিক কারখানায় আচমকাই আগুন লেগে যায়। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়। আগুন ছড়িয়ে পড়ে আশপাশের একের পর এক কারখানায়। দমকল আসার আগেই বন্ধ কেমিক্যাল কারখানায় মজুত যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। পাশের কারখানাগুলি থেকে বিভিন্ন সামগ্রী বের করার চেষ্টা করেন কর্মীরা। কীভাবে এত বড় আগুন লাগল, সেই বিষয়ে দমকল বিভাগ এখনও কিছু বলতে পারেনি। প্রাথমিক অনুমান, কারখানাটি দীর্ঘদিন বন্ধ থাকায় শর্ট সার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। চিৎপুরের নবাবপল্লিতে বেশ কয়েকটি কারখানা ছাড়াও বসতি রয়েছে। ফলে বড়সড় বিপদের সম্ভাবনা ছিল। খবর পেয়ে এলাকায় যান স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি।

Be the first to comment