প্রতিবেদন: তারাপীঠে হোটেল বিদেশিনী-তে অগ্নিকাণ্ডের (FIRE IN TARAPITH HOTEL) জেরে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করছেন তদন্তকারী।হোটেলে একাধিক বেনিয়মের অভিযোগে হোটেল মালিক কল্যাণ পালের পর তার বাবা প্রবীর পালকেও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে প্রবীর পালকে গ্রেফতার করে তারাপীঠ থানা।
এদিকে ঘটনার ২৪ ঘণ্টা পরও এখনও উদ্ধার কাজ চলছে। গত ২৪ ঘণ্টায় তদন্তকারীদের হাতে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। হোটেলের তথ্য বলছে, ওই রাতে বিদেশিনী-তে ছিলেন মোট ৪৩ জন আবাসিক। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এখন সাত/ আটজন হাসপাতালে চিকিৎসাধীন। নিরাপদে বের করা হয়েছে আরও ১৮ জনকে। তাহলে বাকিরা কোথায়? উঠছে প্রশ্ন। তাদের খোঁজে রাত থেকে তল্লাশি চলছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। হোটেলের পাশেই একটি বড় জলাশয় রয়েছে। সকাল থেকে ডুবুরি নামিয়ে সেখানেও তল্লাশি শুরু হয়েছে। একই সঙ্গে আবাসিকদের অভিযোগের ভিত্তিতে হোটেলের পিছনে থাকা এমারজেন্সি এগজিট সেদিন রাতে বন্ধ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment