রোজদিন ডেস্ক, কলকাতা:- একদিকে হামাসকে নিশ্চিহ্ন করতে মরিয়া ইজরায়েল। ইহুদি দেশের সেনার আক্রমণে বিপর্যস্ত গাজা। এদিকে আমেরিকার কলরাডোয় ইজরায়েলিদের জমায়েতে হামলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। জমায়েত লক্ষ্য করে আচমকা ফায়ার বম্ব ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় ৬ জন গুরুতর জখম হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলে উল্লেখ করে তদন্ত শুরু করেছে এফবিআই।
রবিবার কলোরাডোর বোল্ডারে একটি শপিং মলের বাইরে জড়ো হয়েছিলেন কিছু মানুষ। গাজায় পণবন্দি ইজরায়েলিদের সমর্থনে জমায়েতের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, আচমকা সেখানে এক ব্যক্তি ছুটে আসে। ‘ফ্রি প্যালেস্টাইন’ (প্যালেস্টাইনকে মুক্ত করো) বলে চিৎকার করে ওঠে সে। এরপরই আচমকা জমায়েত লক্ষ্য করে ফায়ার বম্ব ছুড়ে দেয়। পুলিশ জানিয়েছে, এই হামলায় ‘মেকশিফট ফ্লেমথ্রোয়ার’ও ব্যবহার করা হয়েছে। ঘটনায় জখমদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।
ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। হামলা চালাতে গিয়ে সে নিজেও জখম হয় বলে জানা গিয়েছে। তাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোশ্যাল মিডিয়ায় হামলার একাধিক ছবি এবং ভিডিও (ছবি ও ভিডিও’র সত্যতা যাচাই করেনি রোজদিন) ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, হামলাকারীর পরনে জিনস। তাঁর দুই হাতে দু’টি কাচের বোতল দেখা গিয়েছে, যার মধ্যে তরল পদার্থ রয়েছে। জমায়েতের দিকে তাকিয়ে চিৎকার করতে দেখা গিয়েছে তাকে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment