আজ চালু হতে চলেছে পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন

Spread the love

রোজদিন ডেস্ক : মুম্বই ও চেন্নাইয়ের পর এবার বাংলাও পেতে চলেছে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। পূর্ব ভারতে বাংলাতেই চলবে প্রথম এসি লোকাল। আজ রবিবার ১০ই আগস্ট শুভ উদ্বোধন এবং আগামীকাল সোমবার অর্থাৎ ১১ই আগস্ট থেকেই যাত্রা শুরু করবে ট্রেনটি। এই ট্রেনের শুভ সূচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত পরিষেবা দেবে এই ট্রেন৷ বুধবার আনুষ্ঠানিকভাবে এই খবর জানিয়েছিল পূর্ব রেল।

ট্রেনটি প্রতি ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার বেগে ছুটতে পারে। প্যাসেঞ্জার ইনফর্মেশন সিস্টেমের জন্য জিপিএস নিয়ন্ত্রিত এলইডি ডিসপ্লে যার মাধ্যমে থাকবে প্রতিটি কোচে। অন্যান্য লোকাল ট্রেনে যেমন ভেন্ডার কামরা থাকে এই এসি লোকালে তা থাকছে না। এছাড়াও মেট্রোর মতোই স্বয়ংক্রিয় দরজা থাকছে। প্রতিটি কামরায় থাকছে সিসিটিভির নজরদারী।

প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জীবন জীবিকার জন্য লোকাল ট্রেনে যাতায়াত করেন। সমাজের সব স্তরের মানুষের কাছ পরিবহণের লাইফলাইন লোকাল ট্রেন। পূর্ব রেলের শিয়ালদা শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত সকালে ও বিকেলে শিয়ালদা ও রানাঘাটের মধ্যে পরিষেবা দেবে এসি ট্রেন ৷

প্রসঙ্গত,২০২৩ সালে চেন্নাইয়ের আইসিএফ ফ্যাক্টরিতে এসি রেক তৈরির অর্ডার দেওয়া হয়। দ্রুত বাংলাতে আরও একটি এসি লোকাল চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় এসি লোকালটি হাওড়া শাখায় দেওয়া হতে পারে বলেই প্রাথমিকভাবে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*