পিয়ালী :
রেকর্ড ভাঙা ভোট দান, মানুষের অভূতপূর্ব উৎসাহ উদ্দীপনা এটাই প্রমাণ করে, বাঙালি বিজেপির পক্ষে ভোট দিয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল নিউটাউনের নভোটেল হোটেলে সাংবাদিক সম্মেলন করে একথাই জানান অমিত শাহ। তিনি বলেন বাংলার জনতা প্রথম দফা বা প্রথম পর্যায়ের ভোটদানে প্রমাণ করে দিয়েছে ভবিষ্যৎ। ১৬ জেলার ১৫২টি আসনে এটাই স্লোগান, দিদি জানে বালি হ্যায়, ভাজপা আনে বালি হ্যায়।
তিনি দৃঢ়কণ্ঠে বলেন, স্পষ্টভাবে বলতে চাই ১৫২টা আসনের ভেতর ১১০টা আসনে বিজেপি জিততে চলেছে। এবং দ্বিতীয় পর্যায়েও তারা ভালো ফল করবেন বলে জানান অমিত শাহ।
শাহ বলেন ৫ তারিখের পর অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ বিজেপির শাসন হবে, পদ্মফুল ফুটবে। পশ্চিমের মত ভারতবর্ষের পূর্ব দিক, উত্তর-পূর্ব দিকে উন্নয়ন ও আরো দ্রুত গতিতে হবে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্বোদয় পরিকল্পনার উপর জোর দেন।
তারা জিতে আসলে বাংলার মুখ্যমন্ত্রী যে বাঙালি মানুষ হবেন বাংলা মাধ্যমে পড়া বাংলায় জন্ম, বাংলায় বড় হওয়া -সে কথা আরো একবার পরিষ্কার করে বলেন শাহ।
তারা জিতে এলে মহিলা সুরক্ষা হবে অন্যতম প্রধান কাজ, বলেন শাহ। তবে জিতে আসার পর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা এবং তাদের থেকে বাংলাকে মুক্ত করাই হবে প্রধান কাজ বলেন শাহ।
বিভিন্ন প্রশ্নের জবাবে অথবা শাহ এর বক্তৃতায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ছিল কটাক্ষ। তিনি বলেন ভাতিজা বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবেন না।
প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্যায়েও তারা ভালো ভোট পাবেন, বেশি আসনের জিতবেন সে বিষয়ে কনফিডেন্ট শাহ। তার কারণ হিসেবে মানুষ ভয় মুক্তভাবে ভোট দিতে পেরেছে এবং নির্বাচন কমিশনকে সেজন্য তিনি ধন্যবাদ জানান। তিনি ধন্যবাদ জানান সিএপিএফ এবং বাংলার পুলিশকেও।
যে অল্প বিস্তর ভোটে হিংসা হয়েছে সেগুলোর জন্য তারা ইলেকশন কমিশনে যাচ্ছে এবং দ্বিতীয় পর্যায়ের ভোট শান্তিপূর্ণ হবে এবং তারা নিশ্চিত জয়ের পথে এগিয়ে যাবেন এইরকমই বক্তব্য দৃঢ়তার সঙ্গে বলেন তিনি।

Be the first to comment