৯২.৭১ শতাংশ, ভোট! ভাঙল সব রেকর্ড, এখনও পর্যন্ত কোনও বুথে রিপোলিংয়ের খবর নেই

Spread the love

রোজদিন ডেস্ক : প্রথমদিনের পরীক্ষায় পাশ নির্বাচন কমিশন। ১৫২টি কেন্দ্রের কোথাও কোনও বড়সড় হিংসার খবর নেই। নেই বড় কোনও ঘটনা বা দুর্ঘটনা। মৃত্যুর খবরও নেই। গত কয়েক বছরের মধ্যে এত শান্তিপূর্ণ ভোট দেখেনি পশ্চিমবঙ্গ। এর জেরে স্বস্তিতে আম জনতা। তাঁদের বড় অংশ এর জন্য কৃতিত্ব দিচ্ছে নির্বাচন কমিশনকেই। ভোট শেষ হওয়ার ২০ ঘণ্টা পরেও এখনও পর্যন্ত কোনও বুথে রিপোলিংয়ের খবর নেই। তবে বাংলার প্রথম দফার ভোটে সব কিছুকে ছাপিয়ে একটাই আলোচনা, বিপুল সংখ্যক ভোটদান। স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা শামিল হয়েছেন গণতন্ত্রের উৎসবে। যার ফলশ্রুতি ৯২.৭১ শতাংশ ভোটদান হল। দিনের শেষে কমিশন ওই তথ্যই জানিয়েছে। সংখ্যাটা এখনও বাড়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যের প্রায় ৪০ হাজার বুথের মধ্যে গুটিকয়েক বুথে নামমাত্র অশান্তির খবর বাদ দিলে ভোটের প্রথম পর্ব শান্তিপূর্ণ ও অবাধ ছিল বলতেই হবে। শুক্রবার বেলা পর্যন্ত কোনও রাজনৈতিক দল কমিশনের কাছে একটি বুথেও পুনর্নির্বাচনের দাবি করেনি। এবার প্রতিটি বুথকে সুরক্ষিত করতে পদক্ষেপ করেছিল কমিশন। ভোট কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে ভোটার ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। এটা দারুণ কাজ করেছে। বুথ থেকে কোনও এজেন্টকে তুলে দেওয়ার অভিযোগও আসেনি। সব মিলিয়ে প্রথম দফার ভোট শান্তিতে শেষ করার জন্য কৃতিত্ব দাবি করতেই পারে কমিশন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*