রোজদিন ডেস্ক :
খাদ্য সুরক্ষা বিধিতে ডাহা ফেল কলকাতার নিজাম, বিগ বস,বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিক, আরসালান, মিষ্টি মুখ সহ একাধিক নামী দামি রেস্তোরাঁ, মিষ্টির বিপণি।
কলকাতা পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে মঙ্গলবার নিজেই এই নিয়ে বিস্ময় প্রকাশ,করেন। জানান, পুর আইনে সরাসরি লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেই। আপাতত দু সপ্তাহের জন্য লাইসেন্স বাতিল করা হয়েছে। কেন খাদ্য সুরক্ষা বিধি মানা হয় নি, তা নিয়ে সংশ্লিষ্ট রেস্তোরাঁ, বিপণিগুলির কাছে জবাব চাওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন এলাকায় শপিং মল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ইত্যাদিতে খাদ্যের গুণমান, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট দফতরের কর্মী, আধিকারিকরা। দেখা হচ্ছে রান্নাঘর, ফ্রিজ, মসলা, আনাজ ইত্যাদিও। বহু ক্ষেত্রে বহুদিনের পচা মাংস, মসলা, ভেজাল দুধ, ভেজাল তেল ইত্যাদি চরম অস্বাস্থ্যকর জিনিস মেলায় তাজ্জব পরিদর্শনকারীরা।
কলকাতা পুরসভার সূত্রে প্রকাশ, এখন অবধি চল্লিশটি বিপণির লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। এই অভিযান আরও চলবে।
বিশিষ্ট পরিবেশ যোদ্ধা সুভাষ দত্ত সহ অনেকে প্রশ্ন তুলেছেন, এই অভিযান বছরভর চলবে কি? নাকি খাদ্য সুরক্ষা সপ্তাহে পালনেই তা সীমাবদ্ধ থাকবে?
গত কয়েকদিন ধরে চলা এই অভিযান দেখে আঁতকে উঠেছেন সাধারণ মানুষজন। বিশেষত একাধিক নামী দামি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের অন্দরে যে সব ছবি দেখা যাচ্ছে, এরপর সেখানে আর খেতে যাবেন কিনা, বা খাবার, মিষ্টি আনবেন কিনা তাঁরা ভেবে দেখছেন।
মশা, মাছি, আরশোলার রাজত্ব চলা বহু দোকানের খাবার যাঁরা বহুদিন ধরে খাচ্ছেন, তা শরীরের অন্দরে গিয়ে কত ক্ষতি করেছে, তা ভেবে শিউরে উঠছেন।

Be the first to comment