ADMINISTRATIVE RESHUFFLE: ফের রদবদল নবান্নে, একাধিক দফতরে সচিব বদল

অর্থে বাড়তি দায়িত্ব পেলেন পবন কাদিয়ান

Spread the love

রোজদিন ডেস্ক : নবান্নে ফের সচিব পর্যায়ে একাধিক রদবদল। মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিবদের বদলি ও অতিরিক্ত দায়িত্বের ঘোষণা করা হয়েছে। কৃষি, দমকল, ভূমি ও ভূমি সংস্কার, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং অর্থ দফতরে এই রদবদল কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থ দফতরের সচিব দেবী প্রসাদ করণমকে কৃষি দফতরের সচিব পদে নিয়োগ করা হয়েছে। কৃষি দফতরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনাকে দমকল ও জরুরি পরিষেবা দফতরের প্রধান সচিব করা হয়েছে। ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্তকে কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের প্রধান সচিব করা হয়েছে।

পাশাপাশি তিনি ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতরের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন। রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনার তথা ইন্সপেক্টর জেনারেল পবন কাদিয়ানকে অর্থ (বাজেট) দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি করা হয়েছে। একই সঙ্গে তিনি ট্রেজারিজ অ্যান্ড অ্যাকাউন্টসের ডিরেক্টর, পেনশন, প্রভিডেন্ট ফান্ড ও গ্রুপ ইন্স্যুরেন্সের ডিরেক্টর এবং রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ কমিশনারের অতিরিক্ত দায়িত্বেও বহাল থাকবেন। প্রশাসনের তরফে এই রদবদল নিয়ে জানানো হয়েছে, জনস্বার্থে এবং উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনেই এই নিয়োগ ও দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আধিকারিকেরা এই দায়িত্বই পালন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*