রমিত সরকার, কৃষ্ণনগর :
ঐতিহ্যের শহর, জগদ্ধাত্রীর শহর কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই উৎসবের আবহে মেতে ওঠে গোটা শহর। আর সেই উৎসবের আবহে এবার কৃষ্ণনগরের চারটি ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎসবের আমেজ আরও কয়েকগুণ বেড়ে যায়। তাঁকে একবার কাছ থেকে দেখার জন্য রাস্তার দু’ধারে ভিড় জমান বহু মানুষ।
উদ্বোধনী পর্বে প্রথমেই মুখ্যমন্ত্রী পৌঁছন কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চাষাপাড়া বারোয়ারির ঐতিহ্যবাহী বুড়িমার পুজোমণ্ডপে। কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রধান আকর্ষণ এই বুড়িমা। শতাব্দীপ্রাচীন এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে শহরবাসীর আবেগ, বিশ্বাস ও ঐতিহ্য। বিশালাকার প্রতিমা, সাবেকি সাজসজ্জা এবং বিপুল পরিমাণ সোনা-রুপোর গয়নায় সজ্জিত দেবীকে দর্শন করতে প্রতিবছরই দূরদূরান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীরা ছুটে আসেন। সেই ঐতিহ্যবাহী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এরপর বউবাজার বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সবশেষে ক্লাব স্বীকৃতির পুজোমণ্ডপে উপস্থিত হয়ে সেখানেও আনুষ্ঠানিকভাবে পুজোর সূচনা করেন তিনি। একে একে শহরের চারটি ঐতিহ্যবাহী পুজোর উদ্বোধনের মধ্য দিয়ে কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ হয়।

মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে গোটা শহরজুড়েই ছিল বিশেষ নিরাপত্তার ব্যবস্থা। চারটি পুজোমণ্ডপ এবং যাতায়াতের রাস্তায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশকর্মী। যান চলাচল নিয়ন্ত্রণ থেকে শুরু করে ভিড় সামলানো—সব ক্ষেত্রেই ছিল প্রশাসনের কড়া নজরদারি। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠানস্থলগুলি।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর হাত ধরে কৃষ্ণনগরের চার ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনকে ঘিরে শহরজুড়ে তৈরি হয় উৎসবের বিশেষ আবহ। ঐতিহ্য, ধর্মীয় আবেগ এবং মানুষের উচ্ছ্বাসে আরও একবার প্রমাণিত হলো—জগদ্ধাত্রী পুজো শুধু একটি উৎসব নয়, কৃষ্ণনগরের মানুষের পরিচয় ও আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ।

Be the first to comment