রোজদিন ডেস্ক: প্রায় পাঁচ বছর আগে ২০২০ সালের একটি রাজনৈতিক সংঘর্ষের মামলায় এবার গ্রেফতারির মুখে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের অন্যতম মুখ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নতুন করে পুলিশি তৎপরতা শুরু হওয়ায় কল্যাণের গ্রেফতারির আশঙ্কা দেখা দিয়েছে। তাই বেকায়দায় পড়ে গ্রেফতারি এড়াতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দাপুটে সাংসদ। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি ছিল। শুনানির শেষে এদিন কোনও নির্দেশ না দিলেও আপাতত কল্যাণের বিরুদ্ধে কোনও ‘কড়া পদক্ষেপ’ নয়, বলেই মৌখিক নির্দেশ দিয়েছে আদালত, এমনই দাবি তাঁর আইনজীবীর। বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি। কল্যাণের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের ৬ ডিসেম্বর সন্ধ্যায় বিজেপি নেতা কবীরশঙ্কর বসুর বাড়ি ঘেরাও করে প্রায় দু’শো তৃণমূল কর্মী বিক্ষোভ দেখায়। বাড়ির সামনে থাকা গাড়ি ভাঙচুর করে। রাত ২টো পর্যন্ত তাঁকে ঘেরাও করে রাখা হয়। গোটা ঘটনার পিছনে কল্যাণের মদত ছিল বলেই অভিযোগ। সেদিনই শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেন কবীরশঙ্কর বসু। কিন্তু পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ। প্রায় পাঁচ বছর পর রাজ্যে পালাবদল হতেই ওই মামলায় ফের সক্রিয় হয়েছে পুলিশ। তাতেই অস্বস্তিতে পড়েছেন কল্যাণ।

Be the first to comment